ইজরায়েলে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ২১, ২০২৫

ইজরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আজ শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।

ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। এরই মধ্যে ইজরায়েলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে।

যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেখানে সাইরেন বাজতে শুরু করেছে। তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইজরায়েলের কোথায় এগুলো আঘাত হানতে পারে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আইডিএফ।

নিজেদের ভূখণ্ডে ইজরয়েইলি বাহিনীর আগ্রাসন বন্ধ হলে কূটনৈতিক আলোচনা বিবেচনা করার কথা জানিয়েছে ইরান। শুক্রবার জেনেভায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আলোচনা চালিয়ে যেতে ইজরায়েলকে বিমান হামলা কমানোর জন্য চাপ দেয়ার সম্ভাবনা কম। আমার মনে হয়, এখনই সেই অনুরোধ করা খুব কঠিন।”

ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান ইয়াল জামির বলেন, “বছরের পর বছর’ ধরে ইরানে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সাম্প্রতিক মাসগুলোয় কঠোর গোপনীয়তা বজায় রেখে হামলার প্রস্তুতি ত্বরান্বিত করা হয়েছে।”

শুক্রবার ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইজরায়েল। অন্যদিকে ইজরায়লের হাইফাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছে।

ইজরায়েল সেনাবাহিনী জানিয়েছে, ইরান শেষ ২৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় মধ্য ও দক্ষিণ ইজরায়েলে কেউ আহত হয়নি।

অন্যদিকে ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে, যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।” সূত্র: টাইমস অব ইজরায়েল