ইজরায়েলে হামলা চালালো হুথিরা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৫, ২০২৫
ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীরা ইজরায়েলে হামলা চালিয়েছে। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।
এর আগে মঙ্গলবারও ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা। বিবৃতিতে হুথি বিদ্রোহীরা দাবি করে, তারা দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এর জবাবে ইজরায়েল ইয়েমেনের হুথিদের দখলে থাকা হোদেইদাহ বন্দরে বোমা হামলা চালায়। হুথিরা জানায়, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই তারা ইজরায়েলের ওপর হামলা চালায়।
মার্চ মাসে যুদ্ধবিরতি হওয়ার পর কিছুদিন হামলা বন্ধ ছিল। কিন্তু ইজরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার সাথে-সাথে হুথিরাও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এরই মধ্যে ইরান ও ইজরায়েলের সংঘাতের মধ্যে হুথিরা ইজরায়েলে হামলা চালালো।
শনিবার ইজরায়েলে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ নিয়ে ইজরায়েলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো দেশটি। এতে এখন পর্যন্ত কমপক্ষে সাতজন নিহত হয়েছে। শনিবার রাতের হামলায় পুরো ইজরায়েলে সাইরেন বেজে ওঠে। হাইফা ও তেলআবিবসহ বেশ কিছু শহর লক্ষ্য করে হামলা চালায় ইরান।
ইজরায়েলি বাহিনী ইরানজুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালানোর পর ইরান একযোগে ইজরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো। ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানি সরকারের পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পর্কিত স্থানগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, দুই দিনে ইজরায়েলি হামলায় কমপক্ষে ৮০ জন নিহত ও ৮০০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ শিশুও রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, ‘ট্রু প্রমিজ ৩’ অভিযানের দ্বিতীয় ধাপে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইজরায়েলে।
ইজরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, হাইফা ও কিরিয়াত এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব ক্ষেপণাস্ত্র মাটিতে আঘাত করেছে না কি বাধা দেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। সূত্র: আল জাজিরা






















