ইরানি হামলায় তেলআবিবে বিস্ফোরণ, জ্বলছে ইজরায়েল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ২১, ২০২৫
ইজরায়েলের সামরিক স্থাপনাগুলোর ওপর আজ শনিবার ভোরে নতুন ও বৃহৎ মাত্রার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ হামলা ইজরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি তেলআবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে। ফলে সেখানে বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠে।
এ অভিযানে ইজরাযেল অধিকৃত ভূখণ্ডের সামরিক ও লজিস্টিক কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয়। এতে তেলআবিবসহ বিভিন্ন ইজরায়েলি বসতিতে সাইরেন বেজে ওঠে এবং একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইজরায়েলি বাহিনীর বুরাতে দেশটির চ্যানেল ১২ জানিয়েছে, শনিবার ইরান ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ৫টি প্রতিহত করা সম্ভব হয়।
এর মধ্যে তেলআবিবের দক্ষিণে হোলোন এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একটি বহুতল ভবনে আগুন ধরে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ইরানের ধারাবাহিক পাল্টা হামলার প্রেক্ষিতে ইজরায়েল নতুন ‘লাইটনিং’ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন শুরু করেছে, যাতে ইরানি ড্রোন প্রতিহত করা যায়।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানি ভূখণ্ডে ইজরায়েলের হামলা শুরুর এক সপ্তাহ পরেও তেহরানে কেন্দ্রীয় সরকারের স্থিতিশীলতার কোনো ভাঙন নেই। বরং তেহরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
তাসনিম জানিয়েছে, শনিবারের হামলাটি ছিল ইরানের ১৮তম পাল্টা সামরিক পদক্ষেপ। যা তেহরানের পক্ষ থেকে চলমান প্রতিশোধমূলক অভিযানের অংশ। সূত্র: তাসনিম























