ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দাপ্রধান ও ২ জেনারেল নিহত
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৬, ২০২৫
ইজরায়েলের হামলায় রোববার ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হয়েছেন।
আইআরজিসিরি গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি ও তার সহকারী হাসান মোহাকিক ইজরায়েলি হামলায় প্রাণ হারান। তাদের লক্ষ্য করে রাজধানী তেহরানে হামলা চালানো হয়। অপর জেনারেলের নাম মোহসেন বাঘারি।
এর আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ইরানের বিপ্লবী গার্ডের প্রধানকে হত্যার তথ্য জানান। তিনি বলেন, “আমি আপনাকে জানাচ্ছি, আমরা তাদের প্রধান গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারীকে তেহরানে হত্যা করেছি।”
এর আগে শুক্রবার ভোরে ইরানে আকস্মিক হামলা চালায় ইজরায়েল। ওইদিনই ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান এবং বিমানবাহিনীর প্রধানসহ অন্তত ৬ জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করে তারা। রোববার বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও তার সহকারী হত্যাকাণ্ডের শিকার হলেন। সূত্র: তাসনিম নিউজ























