ইরানের হামলায় জ্বলছে ইজরায়েল, ৩ বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৬, ২০২৫

ইজরায়েলের বন্দরনগরী হাইফা, তেলআবিব ও নেগেভ বিমানঘাঁটিতে আঘাত করেছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এতে দাউদাউ করে জ্বলছে ওইসব এলাকা।

রোববার সারাদিন হামলা অব্যাহত রাখে ইরান। রাতে ফের কয়েক ডজন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইজরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, সেখানকার একটি ভবন মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আনাদোলু এজেন্সির ভিডিওতে শহরে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। এতে হাইফার আকাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইফা শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে।

ইজরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হাইফায় ইরানের মিসাইলের আঘাতে চারজন আহত হয়েছে। হতাহতের সংখ্যা এখনো নিরূপণ করা হচ্ছে।

ইজরায়েলি ফায়ার ও রেসকিউ সার্ভিস জানিয়েছে, একটি ভবনে সরাসরি মিসাইল আঘাত হানার খবর তারা পেয়েছে। এটি একটি আবাসিক ভবন। তাদের উদ্ধারকারীরা ঘটনাস্থলে রওনা দিয়েছে।

বিবিসি প্রতিবেদনে লিখেছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইজরায়েলি প্রতিরক্ষাব্যবস্থার স্তরগুলো ভেদ করে গেছে। জেরুজালেম ও তেলআবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কারণ আয়রন ডোম ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে।

দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ইজরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলের একটি শহর সিজারিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

ইজরায়েলি গণমাধ্যমের দাবি, ইরানের হামলায় হাদেরার একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফিলিস্তিন ক্রনিকলের মতে, পশ্চিম তীরের বসতি, গোলান হাইটস, গ্যালিলি এবং হাইফা অঞ্চলসহ মধ্য ও উত্তর ইজরায়েলজুড়ে বিমান হামলার সাইরেন সক্রিয় করেছে ইজরায়েল।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইজরায়েলি হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য নির্দেশনা জারি করেছে, তাদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে। কারণ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করেছে। তবে বাধা দেওয়ার পরও দক্ষিণ গোলান হাইটসেও আগুন লাগার কথা তারা জানিয়েছে।

মেহের নিউজ জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাতে ইজরায়েলে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ইজরায়েলিদের তাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এলাকা ত্যাগ করতে বলেছে। ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে ইজরায়েলিদের প্রতি এ আহ্বান জানানো হয়।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সাইয়্যাদ বলেন, “আপাতদৃষ্টিতে সুরক্ষিত বাংকার বা আন্ডারগ্রাউন্ড শেল্টারও আর নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।”