ইরানের ৫ জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিমান হামলা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ০৮, ২০২৬

ইরানের ৪টি তেলের ডিপো ও একটি পেট্রোলিয়াম পরিবহণ কেন্দ্রে শনিবার রাতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিমান বাহিনী। হামলায় চারজন নিহত ও জ্বালানি স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

ইরানের জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির শীর্ষ নির্বাহী কেরামাত বিয়েসকারামি দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান।

কেরামাত বিয়েসকারামি বলেন, “তেহরান ও আলবোর্জ প্রদেশে মার্কিন-ইজরায়েলি বিমান বাহিনীর বোমা হামলায় ৪টি তেলের ডিপো ও একটি পেট্রোলিয়াম পরিবহণ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে দুজন তেলের ট্যাংকার ট্রাকের চালক।”

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ইরানের সামরিক অবকাঠামো ও সক্ষমতা কমিয়ে আনতেই এই অভিযান চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও চিত্রে দেখা গেছে, হামলার পর তেলের ডিপোগুলোতে বিশাল অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

এই হামলার ফলে ইরানের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র: এএফপি