ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১১
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ০৬, ২০২৬
ইরানের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনার পর একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়ে ১১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। গ্রিনিচ মান সময় শনিবার রাতে ইরানের হামেদান-সানান্দাজ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ট্যাংকারটির যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপর্যয় ঘটে।
সানান্দাজ শহরের গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনার পরই ট্যাংকারটিতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে কয়েকজন হতাহত হয়। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
প্রশাসন ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা প্রাথমিক তথ্যের ভিত্তিতে পাওয়া। উদ্ধারকাজের অগ্রগতি ও চিকিৎসাধীনদের অবস্থার প্রেক্ষিতে এই সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।
ইরানে দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, মানহীন মহাসড়ক ও প্রাচীন যানবাহনের কারণে প্রায়ই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগে ২০১৮ সালে সানান্দাজের কাছে যাত্রীবাহী বাসে জ্বালানি ট্যাংকারের সংঘর্ষে ১৩ জন নিহত হয়।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সড়ক দুর্ঘটনার যে গড় হার রয়েছে, ইরানের চিত্র তার চেয়ে প্রায় ২০ গুণ বেশি। এছাড়া তেহরানভিত্তিক গণমাধ্যম ‘ফাইন্যান্সিয়াল ট্রিবিউন’-এর তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষের অকালমৃত্যু ঘটে।
























