‘ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ২১, ২০২৫
ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না বলে একমত হয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুজনের বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ল্যামি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে বিপজ্জনক বলে বর্ণনা করে বলেন, “দীর্ঘমেয়াদে পারমাণবিক সমস্যা সমাধানের উপায় নিয়ে আমরা আলোচনা করেছি। দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য সুযোগ তৈরি হয়েছে।”
রুবিওর মুখপাত্রের মতে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না, এই বিষয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন।
এর আগে হোয়াইট হাউজ জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দুই সপ্তাহের মধ্যে ইরানে মার্কিন সম্পৃক্ততার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ইজরায়েল জানিয়েছে, এই সংঘাত শুরুর পর দেশটিতে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানায়, শুক্রবার থেকে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ৬৩৯ জন।
বৃহস্পতিবারও ইজরায়েল ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালায়। তারা জানায়, রাতভর হামলায় আরাকের একটি ‘নিষ্ক্রিয় পারমাণবিক চুল্লি’ ও আবারও নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সূত্র: বিবিসি























