উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫
চীনে ৩ বছরেরও বেশি সময় ধরে নির্মাণকাজ শেষে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু ‘হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন’। রোববার সেতুটি উদ্বোধন করা হয়।
৬২৫ মিটার (২ হাজার ৫১ ফুট) উচ্চতায় দাঁড়িয়ে থাকা এ সেতুটি দক্ষিণাঞ্চলীয় গুইঝো প্রদেশে নির্মিত হয়েছে। নদী ও গভীর গিরিখাতের ওপর নির্মিত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু ভেঙে দিয়েছে একই প্রদেশে অবস্থিত ৫৬৫ মিটার উঁচু বেইপানজিয়াং সেতুর রেকর্ড।
উদ্বোধনী দিনে সম্প্রচারিত ড্রোন ফুটেজে দেখা যায়, নীল রঙের বিশাল সহায়ক টাওয়ার আংশিকভাবে মেঘে ঢাকা অবস্থায় সেতুর ওপর দিয়ে চলাচল করছে যানবাহন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক কর্মকর্তা, প্রকৌশলী ও স্থানীয় মানুষ উপস্থিত থেকে সেতু উদ্বোধনকে স্মরণীয় করে তোলেন।
গুইঝো প্রদেশের পরিবহন বিভাগের প্রধান ঝাং ইয়িন বলেন, “সেতুটি চালু হওয়ায় ২ পাশের মানুষের যাতায়াতের সময় ২ ঘণ্টা থেকে নেমে এসেছে ২ মিনিটে। এতে আঞ্চলিক পরিবহণ ব্যবস্থা যেমন সহজ হয়েছে, তেমনি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গতি সঞ্চার করেছে।”
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৪২০ মিটার দীর্ঘ সেতুটির প্রধান স্প্যান পাহাড়ি এলাকায় নির্মিত বিশ্বের সর্ববৃহৎ স্প্যানের সেতু হিসেবে রেকর্ড গড়েছে। এ প্রদেশেই বিশ্বের সর্বোচ্চ ১০০ সেতুর প্রায় অর্ধেক অবস্থিত।
যদিও উপত্যকা থেকে উচ্চতার বিচারে হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুই এখন বিশ্বের সর্বোচ্চ, তবে নিজস্ব কাঠামোগত উচ্চতায় রেকর্ড ধরে রেখেছে ফ্রান্সের মিলাও ভায়াডাক্ট, যার উচ্চতা ৩৪৩ মিটার।























