এমপি হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ৩০, ২০২৬
ঋণ খেলাপি হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মঙ্গলবার এ রায় দেন। এর ফলে তার নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করে বলেন, “চট্টগ্রাম-৪ আসনে নতুন করে ভোট হতে পারে।”
জামায়াতের প্রার্থীর পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, “ঋণখেলাপি হলে কেউ ভবিষ্যতে এমপি হতে পারবেন না, রায় এটা প্রমাণিত হলো। এই রায় মাইলফলক হয়ে থাকবে।”
এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। আজ আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।
আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি। ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানি চলতি বছর ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।
সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দেন। এরপর ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ।
ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল ঘোষণা স্থগিত থাকবে এবং তা প্রকাশ যাবে না বলে আদেশ দেওয়া হয়।
এরপর ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।























