করুণাময়ের রাজত্বে করোনা
শাহেরীন আরাফাতপ্রকাশিত : এপ্রিল ০৪, ২০২০
জানো,
এ জনমে দেখিনি এমন পৃথিবী
এভাবে দেখবো, ভাবিওনি
জ্যামের শহর আজ ভুতুরে নগরী
তবু নির্মল বায়ুর মাঝে পাখির কাকলী
চিৎকার করে কিছু বলতে চাইছিলাম
মাথার উপর শকুনের চাহনি
সভ্যতার নামে, আধুনিকতার নামে আর
বিশ্বায়নের নামে
প্রকৃতির ধ্বংসলীলা, মানবিকতার হানাহানি
বাতাসে মৃত্যু আর বারুদের গন্ধ
যার মূলে যুদ্ধ অর্থনীতি
বাজার অর্থনীতি, মুনাফার রাজনীতি
খসে পড়া লালে ফ্যাসিস্ট মুখোশধারী
চীনের আকাশে
আজ কার্বনের মেঘ সরেছে
সেই লাল তারা আবারো জ্বলবে
দশের মাঝে আছো তো বেশ
দিব্যি খাচ্ছো, ঘুমাচ্ছো
আলসেমিটাও হচ্ছে বেশ
ঘরবন্দি তুমি কি বোঝো—
চিড়িয়াখানার মানে
বেঘোরে লোক মরছে
তাতে কী
দেশটা তো তবু চলছে
উন্নয়নের গণতন্ত্রে
করুণাময়ের রাজত্বে
করোনা যেন সোনার হরিণ
বলো, তিনিই জননী
শুদ্ধ, পবিত্র
তার উপরে কথা বলে
সাহস কার!
হুজুরের মতে অমত কার?
ক্ষুধার জ্বালা বুঝে মজুরের দল
তারা দিন আনে, দিন খায়
আওয়াজ উঠছে—
ক্ষুধায় করোনা চিবিয়ে খাই
স্যানিটাইজার নয়, ভাত চাই
নয়তো চিবিয়ে খাবো মসনদটাই























