কলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ১৩, ২০২৬

সোমবারের ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ৩ দিনের শোক পালন শুরু করেছে কলম্বিয়া। নিখোঁজ ৪৯৬ জনের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৬৫। এছাড়া ৩ হাজার ৪৯৪ জন আহত ও ৪৯৬ জন নিখোঁজ রয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবেলরদো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, শোক পালনকালে সব সরকারি ভবন ও কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ১২টা ৩৪ মিনিট) চোকো প্রদেশের সান হোসে দেল পালমারের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০৭ কিলোমিটার গভীরে।

পেরেইরা ও ক্যালির মতো বড় শহরগুলোতে উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছে। উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি, সন্ধানী কুকুর ও মানব-শৃঙ্খল ব্যবহার করা হচ্ছে। প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা বলেন, নিখোঁজদের খুঁজে বের করার দিকেই আমরা এখন সবচেয়ে বেশি নজর দিচ্ছি।

দেশটির ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্টের (ইউএনজিআরডি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ৯ হাজার ২১৫টি বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ৪৫ হাজার ৪৫৭টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিপুল ক্ষয়ক্ষতির কারণে দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে।

ইউএনজিআরডি-এর পরিচালক ডেভিড সান্তিয়াগো তামায়ো ঘোষণা করেছেন, কঠোর পরিচালনগত মানদণ্ডের কারণে সরকার ৪টি অংশীদার দেশ—যুক্তরাষ্ট্র, ইজরায়েল, ইকুয়েডর ও এল সালভাদর থেকে কারিগরি উদ্ধারকারী দল মোতায়েনকে অগ্রাধিকার দেবে।

তবে সরকারের এই নীতির সমালোচনা করেছেন কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে আদর্শিক মাপকাঠি ব্যবহার করা একটি বড় ভুল।

অবশ্য সরকারি কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, কলম্বিয়া আনুষ্ঠানিকভাবে কোনো দেশের সহায়তাই প্রত্যাখ্যান করেনি। এসব বিতর্কের মাঝেই মেক্সিকোর বেসামরিক স্বেচ্ছাসেবী দল `ব্রিগাদা ইন্টারন্যাশনাল দে রেসকাটে তোপোস আজতেকা` বুধবার ক্যালিতে পৌঁছে উদ্ধারকাজে যোগ দিয়েছে।