কামরুজ্জামান কামুর তিনটি কবিতা
প্রকাশিত : নভেম্বর ২৪, ২০১৭
ময়না
তুই পয়সার মত সুন্দর
তোরে পেতে চাই
তোর চকচকেতর নিকেলের
নিচে মুগ্ধ এই সন্ধ্যা
বেলা বরবাদ
করে দিতে চাই
ওগো ময়না ওগো ময়না
কেন সে রকম কিছু হয় না
হাজিসাব্রে ডাক দিমু
আজি কেরানীগঞ্জের দিকে
যাব নাকো
আজি আমি
না যাব সাভারে
আজি আজি করে করে
গাজীপুরে গিয়ে
হাজিসাব্রে ডাক দিমু
নিচু স্বরে
তিনি
শুধাবেন আমার কুশল যেন
কিন্তু এই যেন
যেন শব্দটিকে আমি
নাড়াচাড়া করতে করতে
ফেলে দেই
ঝনাৎ করে শব্দ হয়
সেই শব্দে ছুটে আসেন
মহা ধড়িবাজ
শাল বাগানে আলগা হইল
লেখক সমাজ
দশ বছর ড্যান্স মারা
সাঙ্গ হলে পরে
হাজী সাহেব ডেকে বললেন
যা রে বেটা ঘরে
রবিবারে টেকাটুকা থুইয়া
ওয়ি লৌকিক লেখক
ফেসবুকে মাইয়াগোরে
পোক মারে পোক
আজি কেরানীগঞ্জের দিকে
যাব নাকো
আজি আমি
না যাব সাভারে
আজি আজি করে করে
গাজীপুরে গিয়ে
হাজিসাব্রে ডাক দিমু
নিচু স্বরে
হেহে
মরি উড়ে উড়ে
কোনো কোনো দিন কিছুই ঘটে না
কোনো ঘাটে কোনো গল্প রটে না
পারাপারহীন চরাচরে কোনো
নারীকে পুরুষ বলে না গো, শোনো
এখানে গাছের আড়ালে দাঁড়ালে
কী যে ঘটে যাবে একটু হারালে
কিন্তু কেন যে কোনো কোনো দিন
কারও কাছে কোনো হয় নাকো ঋণ
শুধু একা একা কা কা করে দূরে
আকাশে আকাশে মরি উড়ে উড়ে























