খামেনির হুমকির পর ইজরায়েলে ইরানের নতুন হামলা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ২৩, ২০২৫
ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। এই খবর ঘোষণার সঙ্গে সঙ্গে ইজরায়েলের উত্তরাঞ্চলে অ্যালার্ম বেজে ওঠে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ইজরায়েলকে হুমকি দিয়ে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পরেই ইজরায়েলে নতুন করে হামলা শুরু করে ইরান।
আয়াতুল্লাহ আলি খামেনি পোষ্টে লেখেন, “জায়নিস্ট শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে। এবং তাকে শাস্তি পেতে হবে। শাস্তি পাচ্ছে, এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে।”
বিবৃতিতে ইজরাযেলি সেনাবাহিনী জানিয়েছে, ইজরায়েলের যেসব স্থানে ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, সেরকম বেশ কয়েকটি স্থানে অনুসন্ধান চলছে। দেশটির বিভিন্ন স্থানে যেখানে ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে, সেসব স্থানে উদ্ধারকারী দলগুলো কাজ করছে।
বিবৃতিতে আরও জানানো হয়, দক্ষিণ ইজরায়েলের খোলা জায়গায় ক্ষেপণাস্ত্র পড়ে যাওয়ার খবর রয়েছে তাদের কাছে। এখনও পর্যন্ত কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইজরায়েলি পুলিশ জানিয়েছে, জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে ওই এলাকাগুলো সুরক্ষিত করার জন্য কর্মকর্তারা ও বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে রয়েছে।























