‘গত নির্বাচন কমিশনের চেয়েও এই কমিশনের পরিণতি ভয়াবহ হবে’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০৯, ২০২৬
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন না নিয়ে যাওয়ার নির্দেশনা পরিবর্তন না করলে ফ্যাস্টিস্ট নির্বাচন কমিশনের চেয়েও এই কমিশনের পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ১১ দলের নির্বাচনি জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ভোটকেন্দ্রের ৪০০ গজের আওতায় নাকি মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। ইসি কোন জায়গা থেকে এই বিধি-বিধান বের করছে, আমরা জানি না। কার পরিকল্পনার আদলে নির্বাচন কমিশন কাজ করছে, এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজ সন্ধ্যার মধ্যে এই বিধি-বিধান পরিবর্তন করুন। না-হলে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাও হবে। আমরা এতদিন কিছু বলিনি। সব সহ্য করে গেছি। নির্বাচনের দ্বারপ্রান্তে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেওয়া হবে, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে, এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না।”
নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে নাহিদ বলেন, “এতদিন যা করেছেন, করেছেন। কিন্তু ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাস্টিস্ট আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল তার চেয়েও এই নির্বাচন কমিশনের ভয়াবহ পরিণতি হবে।”























