গাজা সিটি ছাড়তে শেষবারের মতো হুমকি ইজরায়েলের

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০৩, ২০২৫

গাজা সিটিতে অবস্থানরত লাখও ফিলিস্তিনিকে শহর ছাড়তে শেষবারের মতো হুমিক দিয়েছে ইজরায়েল। এমনকি গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে ‘সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীদের সমর্থক’ হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করার কথা জানিয়েছে ইজরায়েল।

ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, “গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীদের সমর্থক হিসেবে বিবেচনা করা হবে।”

ইজরায়েলি বিমান ও স্থল হামলায় গাজা সিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিদিন ডজনের পর ডজন মানুষ নিহত হচ্ছে, ভেঙে পড়ছে আবাসিক ভবন ও স্কুল। হাজারও মানুষ বাধ্য হয়ে দক্ষিণের দিকে পালিয়ে যাচ্ছে। তবে পালানোর পথেও হামলার মুখে পড়ছে তারা।

ইজরায়েরি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, “বৃহস্পতিবার আল রাশিদ সড়ক দিয়ে ইজরায়েলি সেনারা মানুষকে শহর ছাড়তে বাধ্য করছে। আবার উপকূল ধরে দক্ষিণমুখি হওয়ার পথেও হেলিকপ্টার, ড্রোন ও ট্যাংক দিয়ে তাদের ওপর হামলা চালাচ্ছে। এতে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা।”

তিনি আরও বলেন, “মানুষ গাজা সিটি ছাড়ছে না মূলত ভয় আর ইজরায়েলি সেনাদের ভয়ঙ্কর তৎপরতার কারণে।”

চিকিৎসা সূত্র জানায়, বৃহস্পতিবার গাজা সিটিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। দক্ষিণ গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছে ১৩ জন। চলমান দুর্ভিক্ষে খাদ্য সংগ্রহে গিয়ে ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা এখন প্রায় ২ হাজার ৬০০, আহত হয়েছে ১৯ হাজার।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৬৬ হাজার ২২৫। আহত হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৩৮ জন। আর এ বছরের মার্চে ইজরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে নিহত হয়েছে ১৩ হাজার ৩৫৭ জন। সূত্র: আল জাজিরা