সংগৃহীতঃ এডনিস ডাইরিস
জন্মে কি ভুল করেছিলাম
সৈয়দ রিয়াদ হোসেন আকাশপ্রকাশিত : মার্চ ০১, ২০১৮
উৎসর্গ: সিরিয়ার নিহত শিশুদের উদ্দেশে
জন্মে কি ভুল করেছিলাম?
আমাকে চলে যেতে হলো এভাবে...
তোমরা আমাকে দেখতে দিলে না
জগতের সৌন্দর্য, চাঁদের অমলিন আলো
শুনতে দিলে না পাখিদের গান...
জন্মে কি তবে ভুল করেছিলাম?
এভাবে চলে যেতে হলো আমাকে।
কত কিছু করার, দেখার বাকি ছিল আমার
কত মানুষের পাশে থাকার ইচ্ছে ছিল,
ইচ্ছে ছিল নতুন ভোর খোঁজার,
যে ভোর জয় করতাম তোমাদের জন্য।
জন্মে কি ভুল করেছিলাম?
কেন আমাকে এভাবে মেরে ফেললে?
বোমা দিয়ে কেন ছিন্নবিচ্ছিন্ন করে দিলে আমার দেহ?
জন্মে কি তবে ভুল করেছিলাম?
পশুর মতো কেড়ে নিলে ছোট্ট আমার প্রাণ
আমি তো তোমাদের কোনও ক্ষতি করিনি
তাহলে কেন এভাবে মেরে ফেললে আমায়?
শুনতে পাচ্ছ কি?
হাজার শিশুর কান্নার প্রতিধ্বনি
শুনতে পাচ্ছো কি?
হাজার শিশুর আর্তনাদ
যে আর্তনাদে আছে জিজ্ঞাসা
যে আর্তনাদে আছে বিচারের কথা
যে আর্তনাদে আছে শুধুই হতাশা ।
আমি জানি যা তোমরা জানো না
তোমরা মানুষ নামের নরপশু
যে নরপশু বুঝবে না আমার কথা
যে নরপশু বুঝবে শুধুই স্বার্থ, অর্থ আর ক্ষমতা।
একদিন আবার ফিরে আসবো
হাজার শিশুর আর্তনাদ নিয়ে
আবার আসবো ফিরে
আমাদের অধিকার নিয়ে।
সেদিন জবাব দিতে হবে
সেদিন নায্য অধিকার দিতে হবে,
আর মাথা পেতে নিতে হবে শাস্তি।























