জাইমা রহমানকে নিয়ে অশালীন পোস্ট, গ্রেফতার ১

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ৩০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনিকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার বক্সআলী মৌলভীবাড়ির সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের সহায়তায় তাকে আটক করা হয়।

আটক মোসলেহ উদ্দিন জনি ওই এলাকার মৃত মো. মোস্তফার ছেলে। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জনি দীর্ঘদিন ধরে তার ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন অশালীন মন্তব্য করে আসছিলেন। এর ধারাবাহিকতায় সোমবার তিনি একটি বিতর্কিত পোস্ট করেন।

বিষয়টি পুলিশের নজরে এলে তাকে আটকের জন্য অভিযান শুরু হয়। পরে বিকেলে জনি নিজ বাড়ির সামনে অবস্থান করছেন, এমন তথ্য পেয়ে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে আটক করে দাগনভূঞা থানা-পুলিশের কাছে সোপর্দ করে।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, “বিষয়টি আমাদের নজরে আসার পর স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের সহায়তায় জনিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া এ ঘটনার পেছনে অন্য কারও ইন্ধন বা উসকানি রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।”