ডিসেম্বরে হচ্ছে না একুশে বইমেলা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৫

ডিসেম্বর মাসে বাংলা একাডেমির আয়োজনে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে না। আজ রোববার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হয়েছে, অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলার যে তারিখ ঘোষণা করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজনের সময় ঘোষণা করা হয়েছিল।

আজ সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ডিসেম্বরে বইমেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসায় ডিসেম্বরে মেলার সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরে মেলার সময় নির্ধারণ করা হবে।”