ড. ইউনূষ বৃহস্পতিবার নিক্কেই ফোরামে বক্তব্য দেবেন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ২৮, ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ৩০তম নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ‘অসহিষ্ণু বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ’ শীর্ষক বিষয়ে বক্তব্য দেবেন।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আরও টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গঠনে এশিয়ার দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেবেন। বৃহস্পতিবার নিক্কেই ফোরামের সম্মেলন শুরু হওয়ার আগে নিক্কেই ইন-করপোরেশনের শীর্ষ নির্বাহীরা অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

পরে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে প্রধান উপদেষ্টা টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত মানবসম্পদ উন্নয়ন সেমিনারে অংশগ্রহণ করবেন। যেখানে ৩শ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন।

ড. ইউনূষ অনুষ্ঠানে বিশেষ ভাষণ দেবেন। ভাষণে জাপানের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনার ওপর আলোকপাত করা হবে। অধ্যাপক ইউনূস জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশে চলমান উন্নয়ন সহযোগিতা ও জাইকা অর্থায়িত প্রকল্পগুলো পর্যালোচনা করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রণীত কর্মসূচি অনুযায়ী, ড. ইউনূস জাপানের শীর্ষস্থানীয় গণমাধ্যম নিক্কেই, এনএইচকে, আসাহি শিম্বুন, আসাহি টিভি ও নিপ্পন টিভিকে একান্ত সাক্ষাৎকার দেবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করবেন।