তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু: ডব্লিউএইচও
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১২, ২০২৬
চার বছরে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে ২ লাখেরও বেশি মানুষ মারা গেছে। বৃহস্পতিবার বার্লিনে প্রকাশিত ‘তাপ-স্বাস্থ্য কর্মপরিকল্পনা নির্দেশিকা’য় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক ড. হান্স ক্লুগে এ তথ্য জানান।
ড. হান্স ক্লুগে বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ এখন দ্রুত একটি বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হচ্ছে। চার বছরে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে ২ লাখেরও বেশি মানুষ মারা গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় এখনই সমন্বিত ও শক্তিশালী নীতিগত পদক্ষেপ প্রয়োজন। না হলে তাপজনিত মৃত্যু আরও বাড়বে।”
ডব্লিউএইচওর নতুন নির্দেশিকায় সরকারগুলোর জন্য বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে: তাপপ্রবাহের আগাম সতর্কতা ব্যবস্থা, শহরগুলোতে শীতলীকরণ কেন্দ্র স্থাপন, নগর এলাকায় গাছপালা ও সবুজায়ন বৃদ্ধি এবং বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।
সংস্থাটি জানিয়েছে, ব্যক্তিগত পর্যায়ের সচেতনতা- যেমন পর্যাপ্ত পানি পান করা, ছায়ায় থাকা বা রোদ এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ হলেও একা তা যথেষ্ট নয়। এই সংকট মোকাবিলায় রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বড় ধরনের কাঠামোগত উদ্যোগ প্রয়োজন। সূত্র: গালফ নিউজ
























