তেহরানে মোসাদ পরিচালিত ড্রোন তৈরির কারখানা ভেঙে দিল ইরান
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৭, ২০২৫
তেহরানে ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। তেহরান ও আলবোর্জ প্রদেশজুড়ে চালানো আলাদা অভিযানে মোসাদের হয়ে কাজ করা সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে ইরানি নিরাপত্তা বাহিনী।
পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজের আল মেহদির বরাত দিয়ে জানানো হয়েছে, তেহরানের দক্ষিণে রেই কাউন্টির ফাশাফুয়েহ জেলায় এসব গ্রেফতার অভিযান চালানো হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে ২০০ কেজিরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার ও অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
ইরানি কর্মকর্তারা বলছেন, ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দেশের অভ্যন্তরে নানা ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করছিল। এর মধ্যে ছোট আকারের বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে কৌশলগত স্থাপনায় হামলার পরিকল্পনাও ছিল।
অভিযান চালানো হয়েছে এমন এক সময়ে যখন ১৩ জুন রাতে ইজরায়েল তেহরানসহ ইরানের একাধিক শহরের আবাসিক এলাকায় নজিরবিহীন বিমান হামলা চালায়। তার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইজরায়েলের ভূখণ্ডে। যার লক্ষ্য ছিল তেল আবিব, জেরুজালেম ও হাইফার মতো গুরুত্বপূর্ণ শহর।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের হামলার পর ইজরায়েলের অনেক শহরে জনজীবন প্রায় থমকে গেছে। আতঙ্কে বহু মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে।























