দীপ্ত উদাসের কবিতা

প্রকাশিত : নভেম্বর ০৬, ২০১৭

শীতসঙ্গম

এইবার শীতে ভ্রমণ  করব পতেঙ্গা
ঝাউবন দেখিয়ে চিনিয়ে দেবে তুমি,
সামুদ্রিক মাছেদের সঙ্গম দেখব দুজন মিলে
দূরের বাজপাখি আছড়ে পড়বে সমুদ্রকে সমতল ভেবে,
হেসে তুমি লুটোপুটি খাবে, শীতে
তোমার সিজেনাল বমি বমি ভাব,
উষ্ণ আলিঙ্গনে সারিয়ে তুলবো এবার!

মঙ্গলনামা

আজ মঙ্গলবার।
প্রেমিকার আঙুল ছোঁয়ানোর দিন
আজ কোনো ভিক্ষুক ভিক্ষা পাবে না
কোনো মাঠ গর্ভধারণ করবে না
প্রধানমন্ত্রী জনসমর্থন হারাবে
বিরোধী দল অপেক্ষা করবে করুণার জন্য
আজ মঙ্গলবার,
সকল গ্রন্থ বাতিল ঘোষণা করে কবিতা লেখার দিন।

নিশিবধূ

ঝিঁঝির ডাক ঘুণ হয়ে কাটে  রাতের অন্ধকার
শরীর, ট্রেনে কাঁধে থলে নিয়ে ভিক্ষা করে পা-কাটা ভিক্ষুক
কয়েনের টুংটাং শব্দে স্বদেশ বিক্রি হয়
নিশিবধূর শরীরের দামে।