দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৬

দুবাইয়ে বিশ্বের প্রথম সোনার রাস্তা নির্মাণে বাণিজ্যিক হাব উদ্বোধন করা হলো মঙ্গলবার। দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্ট প্রকল্পের অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ইথরা দুবাই।

ইথরা দুবাইয়ের পক্ষ থেকে জানানো হয়, এই সোনার রাস্তা সোনার উপাদানে নির্মিত হবে। এটি পুরো ডিস্ট্রিক্টের প্রধান আকর্ষণ হিসেবে কাজ করবে। এ রাস্তার নির্মাণশৈলী ও নকশা সম্পর্কে বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব দুবাইয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম আল-শাইবানি এবং দুবাই চেম্বার্সের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাশেদ লুতাহসহ বিশিষ্ট ব্যক্তিরা।

নতুন এই বিশেষায়িত জোনে সোনা ও অলঙ্কার খুচরা বিক্রয়, পাইকারি বাণিজ্য, বুলিয়ন সার্ভিস এবং বিনিয়োগ সংশ্লিষ্ট সব ব্যবসাকে একই ছাতার নিচে নিয়ে আসা হয়েছে। এখানে এরই মধ্যে জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান এবং তানিষ্কের মতো খ্যাতনামা ব্র্যান্ডগুলো কার্যক্রম শুরু করেছে।

আন্তর্জাতিক জুয়েলারি চেইন জয়আলুকাস এখানে তাদের মধ্যপ্রাচ্যের বৃহত্তম ফ্ল্যাগশিপ স্টোর খোলার পরিকল্পনা করছে। পর্যটন ও বাণিজ্যের কথা মাথায় রেখে এই ডিস্ট্রিক্টে ৬টি হোটেলে ১ হাজারেরও বেশি কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে।

২০২৫ সাল থেকেই এখানে দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে পর্যটকবাহী বাসের রুট চালু করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর প্রায় ১৪৭টি দেশের মানুষ এই এলাকাটি পরিদর্শন করে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ বাণিজ্য কেন্দ্র। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি ভারত, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের মতো দেশগুলোতে প্রায় ৫৩.৪১ বিলিয়ন ডলার সমমূল্যের সোনা রপ্তানি করে।

ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী ইশাম গালাদারি বলেন, “এই প্রকল্পের মূল লক্ষ্য সোনা ব্যবসায়ী, বিনিয়োগকারী ও ক্রেতাদের জন্য একক ও সমৃদ্ধ বাণিজ্যিক বলয় তৈরি করা। সূত্র: গলফ নিউজ