দৌলতপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১২, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা করা ১২ জনকে আটকে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার চকবিলগাতুয়া সীমান্ত দিয়ে বিএসএফ পুরুষ, নারী ও শিশুসহ ১২ ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। পরে তারা প্রাগপুর সীমান্ত সংলগ্ন এলাকায় পৌঁছালে বিজিবি ও স্থানীয় জনগণ তাদের প্রতিহত করে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত রেখা দিয়ে প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পার্শ্ববর্তী প্রাগপুর বিওপি ক্যাম্পে খবর দিলে বিজিবি ও স্থানীয়দের চেষ্টায় বাংলাদেশ সীমান্তে ঢুকতে ব্যর্থ হয় পুশইন করা ১২ জন।

বিজিবি ও স্থানীয়দের তোপের মুখে পুশইনের উদ্দেশে আনা ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছে। তাদের সঙ্গে কথা বললে তারা সবাই বাংলাদেশি বলে দাবি করে।

জানা গেছে, পুশইন চেষ্টার শিকার ১২ জনের মধ্যে ৪ নারী, ৪ পুরুষ এবং ৪ শিশু রয়েছে। তারা বর্তমানে ভারতের নদীয়া জেলার করিমপুর থানার চর মেঘনা এলাকায় অবস্থান করছে।

কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাতের আঁধারে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা বাড়ার তথ্য পাওয়া যাচ্ছে।”

তিনি আরও বলেন, “বিএসএফ কয়েকটি পয়েন্ট দিয়ে পুশইনের চেষ্টা করছে। তবে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং প্রতিটি চেষ্টা প্রতিহত করা হচ্ছে।”