নির্বাচনে অনিয়ম হলেই জামায়াত ক্ষমতায় আসবে: হর্ষবর্ধন শ্রিংলা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ২৪, ২০২৬
নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, “সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। নির্বাচনে যদি অনিয়ম ও কারচুপি করা হয়, তবেই তারা (জামায়াতে ইসলামী) ক্ষমতায় আসতে পারে। না হলে সম্ভাবনা কম।”
তিনি আরও বলেন, “তাদের ভোটের হার ৫ থেকে ৭ শতাংশ, সেটাও আবার অন্যান্য রাজনৈতিক শক্তির সহায়তায়। ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে।”
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, “তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি। নির্বাচন হবে কি না, সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে লোকজন এখানে আসছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের অনুমতি দেওয়া হচ্ছে। এই অনুপ্রবেশকারীরা একটি সমস্যা। এই চর্চা বন্ধ করতে হবে। আমরা চাই বাংলা (পশ্চিমবঙ্গ) উন্নয়নের পথে এগিয়ে যাক।”
























