‘নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছে, ভারত তাতে সমর্থন দিচ্ছে’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৫, ২০২৫
নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছে আর ভারত তাতে সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছেন কংগ্রেসে নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শনিবার এক্সে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি ও মানবাধিকার রক্ষার প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকায় নরেন্দ্র মোদির সিদ্ধান্তের কোনো নৈতিক বা কূটনৈতিক ভিত্তি নেই। প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস দরকার।”
তিনি আরও বলেন, “যখন বেনিয়ামিন নেতানিয়াহু একটি পুরো জাতিকে ধ্বংস করছেন, তখন ভারত শুধু নীরব সমর্থক নয়, বরং ইজরায়েলের ইরানে হামলা ও দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ইজরায়েলকে উৎসাহিত করছে। এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন ও আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ বিরোধী।”
কংগ্রেস নেত্রী বলেন, “গাজায় এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ নিহত, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একটি গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে অনাহারে মারা হচ্ছে, অথচ আমরা কোনো অবস্থান নিচ্ছি না এটা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “এই অবস্থান ভারতের বিরোধী উপনিবেশবাদী ঐতিহ্য থেকে করুণ পশ্চাদপসরণ। কীভাবে আমরা আমাদের সংবিধানের নীতিমালা ও স্বাধীনতা আন্দোলনের মূল্যবোধ বিসর্জন দিতে পারি, যেগুলো শান্তি ও মানবতার ভিত্তিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের শক্ত অবস্থান তৈরি করেছিল?”
প্রিয়াঙ্কা বলেন, “অতীতে ভারত বারবার ন্যায়ের পক্ষে সাহসিকতা দেখিয়েছে এবং আজকের বিভক্ত বিশ্বে ভারতের উচিত মানবতার পক্ষে আওয়াজ তোলা, সত্য ও অহিংসার পক্ষে নির্ভয়ে দাঁড়ানো।”
উল্লেখ্য, শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪৯টি দেশ, বিপক্ষে ১২টি দেশ এবং ভোটদানে বিরত থাকে ১৯টি দেশ, এর মধ্যেই ছিল ভারত।
উল্লেখ্য, প্রিয়াঙ্কা গান্ধী আগেও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। গত বছর সংসদ অধিবেশনে তাকে একটি ব্যাগ বহন করতে দেখা যায়, যাতে লেখা ছিল Palestine এবং তাতে তরমুজের প্রতীক ছিল, যা ফিলিস্তিন সংহতির একটি বৈশ্বিক প্রতীক। সূত্র: ইকোনমিক টাইমস






















