পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রামে ৩ দিনই বিদ্যুৎ বিভ্রাট, ক্ষুব্ধ সারজিস

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১২, ২০২৫

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রোগ্রামে ৩ দিনই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস আলম বলেন, “এই রাজনৈতিক দেউলিয়াদের দেখে নেব। তাদের কলিজা কত বড়! কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে।”

সারজিস আলম বলেন, “প্রোগ্রাম চলাকালে এটা হয় কেন? একদিন হইত, দুই দিন হইত— কিচ্ছু বলতাম না। তিন দিনের তিন দিনই এটা হইছে। এই রাজনৈতিক দেউলিয়াদের দেখে নেব।”

তিনি আরও বলেন, “যদি কিছু চিত্র দেখেন ওই কেন্দ্র থেকে জেলা উপজেলায় একই চিত্র ছড়িয়ে পড়েছে। প্রত্যেক জেলা উপজেলায় ৫ থেকে ১০ চাঁদাবাজ, চোরাকারবারী, মাদক ব্যবসায়ী ও কালপ্রিট আছে যারা নিজ উপজেলার রক্ত চুষে খাচ্ছে।”

সারজিস আলম বলেন, “এনসিপি দায়িত্বে এলে অন্য কোনো রাজনৈতিক দলের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি করা হবে না। তবে দুর্নীতিবাজরা নিজ দলের হলেও তাদের মুখোশ উন্মোচন করা হবে। দলে তাদের ঠাঁই হবে না।”

উল্লেখ্য, চাঁদাবাজিসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে সারজিস আলমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধা পর্যন্ত শনিবার লংমার্চ শুরু হয়। লংমার্চ শেষে রাত সাড়ে ৯টার দিকে বক্তব্য রাখেন সারজিস। এসময় বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।