ফরিদ-উদ-দীন আত্তার
ফরিদ-উদ-দীন আত্তারের কবিতা ‘মরুর সৌরভ’
বাঙ্লায়ন: রহমান হেনরীপ্রকাশিত : এপ্রিল ১০, ২০২০
ফরিদ-উদ-দীন আত্তার (১১৪৫-১২২১) পারস্যের কবি, তাত্ত্বিক ও আধ্যাত্মিক সাধকদের জীবনীকার। পুরোনাম: আবু হামিদ বিন আবু বকর ইব্রাহিম। তবে তিনি তাঁর লেখক নাম ফরিদ-উদ-দীন বা শুধুই আত্তার নামে সবিশেষ পরিচিতি। জন্ম ও মৃত্যু: খোরাশানের নিশাপুরে। তাঁর কবিতা ও ভাবনা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন: মৌলানা রুমি, হাফিজ, আল জামি ও নিজাম আউলিয়ার মতো সাধক-পুরুষরা। অবশ্য ফরিদ-উদ-দীন আত্তারের ভাবনাকে প্রভাবিত করেছিলেন: ফেরদৌসী, ছানাই গজনভী, খাজা আব্দুল্লাহ আনসারী, মনসুর আল হাল্লাজ, আবু সাইদ আবুল খাইর, বায়াজিদ বোস্তামী প্রমুখ।
এক.
মধ্যরাতে, একজন সুফি রোদন শুরু করলেন।
তিনি বললেন, এ দুনিয়া বন্ধ কফিনের মতো, যার ভিতরে
আমরা বন্দি, এবং যার ভিতরে, নিজেদের অজ্ঞতায়,
আমরা আমাদের অবোধ ও বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছি।
মৃত্যু যখন এই কফিনের ঢাকনা খুলতে আসবে, (তখন)
যাদের ডানা আছে তারা প্রত্যেকেই উড়ে যাবে পরমের কাছে।
তো, বন্ধুরা আমার, এই কফিনের ডালা খুলে যাবার আগে,
আল্লাহর পথে পাখি হবার জন্য যথাসাধ্য করো;
নিজের দুটি ডানা আর পালক সৃজনে যথাসাধ্য করো।
দুই.
যতদিন না আমরা নিজে নিজেই মরে যাচ্ছি,
আর যতদিন না কেউ একজন বা কিছু একটা শনাক্ত না করছে আমাদেরকে,
কখনই মুক্ত হবো না আমরা।
সাধনার পথ তাদের জন্য নয়, যারা বাহ্যিক জীবনের মধ্যে গুটিয়ে থাকে।
তিন.
তোমার থেকে প্রাণ কেড়ে নেবার আগেই রহস্য উন্মোচনের চেষ্টা করো।
যখন জীবনে আছো তখনই যদি নিজেকে নিজে জানতে, আবিষ্কার করতে ব্যর্থ হও,
(তাহলে) মৃত্যুর পর, কীভাবে
বুঝতে সক্ষম হবে তোমার অস্তিত্বের রহস্য?























