ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৫

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ফ্রান্স। জাতিসংঘে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “আজ আমি ঘোষণা করছি, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি।”

এ সময় তিনি শান্তির আহ্বানও জানান। ম্যাক্রোঁ বলেন, “দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে রক্ষা করতে হবে।”

যুক্তরাষ্ট্র এই স্বীকৃতিকে সমালোচনা করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “পশ্চিমা দেশগুলোর এ ধরনের পদক্ষেপ হামাসকে উৎসাহিত করবে এবং যুদ্ধ সমাপ্ত করা আরও কঠিন করে তুলবে।”

বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্সের এই পদক্ষেপ ইজরায়েলের ওপর নতুন কূটনৈতিক চাপ সৃষ্টি করবে। বিশেষ করে এমন সময়ে এই ঘোষণা এলো যখন গাজায় ইজরায়েলের হামলা তীব্র আকার ধারণ করেছে।

গাজায় চলমান সংঘর্ষে এরই মধ্যে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

চলতি সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ১৪০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন। এবারের অধিবেশনে ফিলিস্তিন ইস্যু এজেন্ডার শীর্ষে থাকার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে পারবেন না।