ফের উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ১০, ২০২৬
নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ভারতের ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে চলা চাকরিপ্রার্থীদের মিছিলে ব্যাপক পুলিশি দমনপীড়ন হয়েছে।
বিধানসভার অদূরে জগন্নাথপুর মন্দিরের কাছে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেললে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে। এসময় কয়েকজন আন্দোলনকারী আহত হয়।
নিয়োগ সংক্রান্ত ১৩টি পরীক্ষার বাতিলের দাবি নিয়ে সরকারের সঙ্গে একাধিক দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর ১৭তম দিনে এই বিক্ষোভ চরম রূপ নেয়।
আন্দোলনকারীরা ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং স্টাফ সিলেকশন কমিশনে (জেএসএসসি) ব্যাপক সংস্কার ও সিবিআই বা ভিন রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে নিরপেক্ষ তদন্ত দাবি করছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে কণ্ঠস্বর চেপে ধরার অভিযোগ তুললেও, রাজ্যের মন্ত্রী সুদিব্য কুমার দাবি করেছেন, সরকার চাকরিপ্রার্থীদের সিংহভাগ দাবি মেনে নেওয়া সত্ত্বেও বিজেপি রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই আন্দোলনকে হাইজ্যাক করেছে। সূত্র: এনডিটিভি






















