বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মে ৩০, ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেওয়ার কথা জানিয়েছে জাপান।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব পোস্টে লেখেন, “বাজেট সহায়তা ও রেলপথের জন্য জাপান ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে।”
তিনি আরও লেখেন, “জাপান ও বাংলাদেশ চুক্তি বিনিময় করেছে। যার আওতায় টোকিও ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন ও অনুদান হিসেবে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে। মোট ৪১৮ মিলিয়ন ডলার জাপান বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে।”
শফিকুল আলম লেখেন, “টোকিও জয়দেবপুর-ঈশ্বরদীকে ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তির জন্য আরও ৪.২ মিলিয়ন ডলার অনুদান দেবে।”
এর আগে শুক্রবার সকালে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।






















