‘বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, এখানে চলবে না’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৭, ২০২৬

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ২১ জুন পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার রেড রোডে অনুষ্ঠিতব্য মূল কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।

এই আয়োজনকে ঘিরে রেড রোড এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। মঞ্চ নির্মাণের কাজ চলমান থাকায় ১৪ জুন রাত থেকে ২১ জুন পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের একাংশ। তাদের অভিযোগ, সাম্প্রতিক ঈদে রেড রোডে নামাজ আদায়ের অনুমতি না দিয়ে মুসল্লিদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেতে বলা হয়েছিল। সেক্ষেত্রে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য একই স্থানে অনুমতি দেওয়ার যৌক্তিকতা কী? কয়েকজন ইমাম ও ধর্মীয় নেতা এ বিষয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছে।

মঙ্গলবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতা ও রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “প্রধানমন্ত্রীর সফরের সময় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা স্বাভাবিক বিষয়। যেখানে সাধারণ মানুষের ভোগান্তি তুলনামূলক কম হবে, সেখানেই কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির কর্মসূচির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হতেই পারে। যারা আপত্তি করছেন তারা বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব চলবে না। সরকার পাল্টে গেছে। এগুলো বন্ধ করার জন্য লোক পাল্টেছে, আর এগুলো বন্ধ হবেই।”