বারবার কেন চার্জশিটের সময় পরিবর্তন হচ্ছে: হাদির বোন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ০৮, ২০২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিটের সময় বারবার কেন পরিবর্তন করা হচ্ছে, তা জানতে চেয়েছেন হাদির বোন মাছুমা হাদি। আজ সোমবার বেলা ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তোলেন।
মাছুমা হাদি বলেন, ““বারবার কেন চার্জশিটের সময় পরিবর্তন করা হচ্ছে, এটা জানতে চায় বাংলাদেশের মানুষ। ভারত থেকে ওসমান হাদি হত্যার আসামি শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীরকে অবিলম্বে ফেরত এনে জিজ্ঞাসাবাদ করে এ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর কাছে আমাদের পরিবারের বিনীত অনুরোধ, আপনি অতিদ্রুত আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যৎ প্রজন্মকে ইনসাফের প্রতীক ওসমান হাদি হওয়ার সুযোগ করে দেবেন।”
মাছুমা হাদি বলেন, “হাদি হত্যার আসামিরা পালিয়ে যাওয়ার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা দায়ী। ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে কিভাবে খুনিরা ভারতে পালিয়ে গেল? রাষ্ট্রীয় কোনো বাহিনী কিংবা রাজনৈতিক কোনো দলের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আইনের ফাঁকফোকর খুঁজে ওসমান হাদি হত্যার বিচার বিলম্বিত করা হলে, দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে বিচার আদায় করা হবে। হাদি হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থের জোগানদাতাসহ খুনের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে চার্জশিটভুক্ত করে জাতির সামনে প্রকাশ করতে হবে।”
মাছুমা হাদি বলেন, “আমার ভাই ওসমান হাদির হত্যার ব্যাপারে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য যেভাবে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাইপাস করার চেষ্টা করছেন, তা অত্যন্ত দুঃখজনক ও ভয়াবহ।
তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা গুরুত্বের সঙ্গে নিয়ে ওসমান হাদি হত্যার সঙ্গে কারা জড়িত, তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব। মমতা ব্যানার্জির কাছ থেকে তার বক্তব্যের রহস্য বের করতে না পারলে, আন্তর্জাতিক সহায়তা নিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে সত্যতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাই।”
মাছুমা হাদি বলেন, “হাদি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে কোনো বার্তা আজ অবধি স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে দিতে পারেননি। এই মামলার অগ্রগতি সম্পর্কে নিয়মিত সব আপডেট দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি হাদি হত্যার বিচারে উদাসীন থাকেন, তাহলে তার চেয়ে গুরুত্বপূর্ণ জনগণের পছন্দের অন্য কাউকে জায়গা করে দিতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ স্বজনরা।























