‘জায়নবাদী শাসনের মাত্র কয়েক দিন বাকি আছে’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ০৮, ২০২৬

জায়নবাদী শাসনের আর মাত্র কয়েক দিন বাকি আছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আজ সোমবার বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মোজতবা খামেনি বলেন, “ভঙ্গুর জায়নবাদী শাসনের আর মাত্র কয়েক দিন বাকি আছে।

মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের চরম সংকটময় মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই মন্তব্য এলো।

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইজরায়েলি বিমান হামলার জবাবে রোববার রাতে উত্তর ইজরায়েল অভিমুখে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার পরপরই পাল্টা জবাব দেয় তেল আবিব। ইজরায়েলি বাহিনী পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে জোরালো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এই সময় রাজধানী তেহরান, ইসফাহান ও তাবরিজসহ ইরানের বেশ কয়েকটি প্রধান শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। উভয় পক্ষের ব্যাপক হামলা ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, উত্তপ্ত এই পরিস্থিতিতে মোজতবা খামেনির এই হুংকার ইজরায়েলের প্রতি ইরানের কঠোর অবস্থান এবং সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি