বিপ্লবী গার্ড বাহিনীর দ্বিতীয় শীর্ষ কমান্ডার নিহত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ২১, ২০২৫

ইজরায়েলি হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ড্রোন ইউনিটের দ্বিতীয় শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে ইজরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম ইরান থেকে ইজরায়েলের দিকে শত শত ড্রোন হামলার মূল পরিকল্পনার সঙ্গে জড়িত কমান্ডার আমিন পুর জোধখি টার্গেট করে হামলা চালায় ইজরায়েল। হামলায় তিনি নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগে ১৩ জুন আইআরজিসির ড্রোন ইউনিটের আরেক শীর্ষ নেতা তাহার ফুরকে হত্যা করা হয়। তার মৃত্যুর পর জোধখি এই কমান্ডের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

এই হত্যাকাণ্ড ইজরায়েলের চলমান সেই কৌশলেরই অংশ, যার মাধ্যমে তারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে প্রতিহত করার চেষ্টা করছে। বিশেষ করে এমন সামরিক সক্ষমতা যা অঞ্চলজুড়ে হুমকি তৈরি করতে পারে। আমিন পুর জোধখির মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইরান।

উল্লেখ্য, ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন স্থানে, বিশেষ করে পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইজরায়েল। জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পালটা হামলা অব্যাহত রেখেছে তেহরান। পালটাপালটি এ হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছে। সূত্র: আল জাজিরা