ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় মৃত ৪৪

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ০৪, ২০২৫

আসামসহ উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে বন্যায় ৪৪ জন মারা গেছে। এর মধ্যে আসামে মারা গেছে ১৭ জন।

উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম। এছাড়া অরুণাচল প্রদেশে ১২, মেঘালয়ে ৬, মিজোরামে ৫, ত্রিপুরায় ২, নাগাল্যান্ড ও মণিপুরে একজন করে মারা গেছে।

সাত রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে পানিতে ডুবে, ভূমিধস, পানিবন্দি অবস্থায় দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে ফোন করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

আসামে অন্তত ২১টি জেলায় ৬ লাখ ৩০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রহ্মপুত্রসহ কয়েকটি নদী এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে।

অরুণাচল প্রদেশে বহু ঘরবাড়ি, রাস্তা, বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মিজোরামে ভূমিধস ও বন্যায় ৫ জন মারা গেছে, যাদের ৩ জন মিয়ানমার থেকে আসা শরণার্থী। ১০ দিনে রাজ্যটিতে ৫০০ টিরও বেশি ভূমিধস ঘটেছে।

ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে পরিস্থিতি কিছুটা ভালো হলেও এখনও বহু মানুষ বিপদে রয়েছে। প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি সামাল দিতে কাজ করে যাচ্ছে। সূত্র: এনডিটিভি