ভারত থেকে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ১৪, ২০২৬
দুই মাসে ভারতের গুজরাট থেকে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে এসেছে। কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ আসতে পারে বলে জানিয়েছে ভারতের মাছ ব্যবসায়ীরা।
ভারতের হাওড়া পাইকারি মাছ আমদানিকারক সমিতির সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, “ভারত থেকে বাংলাদেশে সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরা মাছ যায়। তবে এ বছর ইলিশ পাঠানোর বিষয়টি ব্যতিক্রমী।”
এসব ইলিশের বড় একটি অংশ গুজরাট থেকে সংগ্রহ করা হচ্ছে। সেখানকার ভরুচ বন্দর দিয়ে মাছের চালান বাংলাদেশে এসেছে। কিছু মাছ আবার হাওড়ার পাইকারি বাজার হয়ে বাংলাদেশে যাচ্ছে।
গুজরাটের ইলিশে ডিমের পরিমাণ তুলনামূলক বেশি এবং স্বাদে কিছুটা নোনতা হওয়ায় ভারতের স্থানীয় বাজারে এর চাহিদা সীমিত। তবে বাংলাদেশের কিছু অঞ্চলে ডিমভরা ইলিশের চাহিদা থাকায় এই মাছের বাজার তৈরি হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে ও পিটিআই
























