হাম উপসর্গে সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১৪, ২০২৬

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশু মারা গেছে। আজ সোমবার সকালে এ তথ্য জানায় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৪ শিশু হলো: এমরান, শাফায়েত, খাদিজা ও ওবায়দুল্লাহ।

এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৪৯৫ রোগী।

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত না হলেও এই সময়ে ১৪৬ সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ১০৪৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে।

মারা যাওয়া শিশুদের মধ্যে ১০ জন নিশ্চিত হামের রোগী ছিল বল নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।