মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৫, ২০২৫
ইরান ও ইজরায়েলের হামলা পালটা-হামলায় চলমান উত্তেজনার মধ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। কানাডায় ধনী দেশগুলোর জোট জি-৭ এর সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাংবাদিকদের এ কথা জানান।
কিয়ার স্টারমার বলেন, “মধ্যপ্রাচ্যজুড়ে জরুরি সহায়তা দেওয়ার জন্য যুদ্ধবিমান পাঠানো হবে। ইজরায়েল ও ইরানের মধ্যে তীব্র যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও আরএএফ জেট পাঠানো হচ্ছে। টাইফুন ও আকাশ থেকে আকাশে জ্বালানি তেলবাহী জাহাজসহ সামরিক বিমানগুলো এই অঞ্চলজুড়ে জরুরি সহায়তার জন্য পাঠানো হচ্ছে ।”
ইরান ও ইজরায়েলের সংঘাতময় পরিস্থিতিতে কিয়ার স্টারমার শনিবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন বলে তার সরকারি দপ্তর থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইজরায়েল। এতে ইরানের ৬ বিজ্ঞানীসহ ৭৮ জন নিহত হয়েছে। এসব হামলায় দেশটির তিনশোর বেশি মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইরানের পালটা হামলায় ৬ ইজরায়েলি নিহত হয়েছে। সূত্র: বিবিসি






















