মধ্যপ্রাচ্য যুদ্ধে ইজরায়েলের ব্যয় ২০৫ বিলিয়ন ডলার
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ২৬, ২০২৬
মধ্যপ্রাচ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে ইজরায়েলের প্রায় ২০৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ইজরায়েল ব্যাংকের বরাতে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইজরায়েল।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা, লেবানন, সিরিয়া ও ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইজরায়েলের ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এর মধ্যে রয়েছে প্রায় ৭১.২ বিলিয়ন ডলার প্রতিরক্ষা খাতে ব্যয়, ৯.৬ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং ১৬.৭ বিলিয়ন ডলার বেসামরিক খরচ।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইজরায়েলকে প্রায় ২৬ বিলিয়ন ডলারের অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। যুদ্ধের কারণে ইজরায়েলের অর্থনীতিতেও বড় ধরনের ক্ষতি হয়েছে।
উৎপাদন খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫১.৯ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালের শেষ নাগাদ ৫৮.৬ বিলিয়ন ডলারের বেশি হতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা উপত্যকায় নৃশংস আগ্রাসন শুরু করে দখলদার ইজরায়েল, যা পরে লেবানন, সিরিয়া এবং আঞ্চলিক উত্তেজনার মাধ্যমে আরও বিস্তৃত সংঘাতে রূপ নেয়।
এই দীর্ঘমেয়াদি সংঘাত শুধু সামরিক নয়, ইজরায়েলের অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা এবং আন্তর্জাতিক সামরিক সহায়তার ওপরও গভীর প্রভাব ফেলেছে।























