ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ২৬, ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শোকবার্তায় তারেক রহমান বলেন, “ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “অপূরণীয় এ শোকের মুহূর্তে আমরা স্বজন হারানো মানুষের পাশে আছি। একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ভেনেজুয়েলার জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সমবেদনা প্রকাশ করছে।”
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ সব সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। এই বিপর্যয় মোকাবিলায় ভেনেজুয়েলার সরকার ও জনগণ যেন শক্তি, ধৈর্য এবং দ্রুত পুনরুদ্ধারের সক্ষমতা অর্জন করতে পারে, সেই কামনা করছি।”























