মানুষের চেয়ে বুদ্ধিমান এআই আসছে আগামী বছরে: ইলন মাস্ক

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৬

মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আগামী বছরের মধ্যে আমরা পেয়ে যাব বলে মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক।

দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ইলন মাস্ক আমেরিকার উদ্যোক্তা ও ব্যবসায়ী, যিনি মহাকাশ SpaceX, বৈদ্যুতিক গাড়ি Tesla, কৃত্রিম বুদ্ধিমত্তা xAI ও সামাজিক মাধ্যম X/Twitterসহ একাধিক প্রযুক্তি খাতে বিপ্লব এনেছেন।

Zip2 ও PayPal-এর মতো সফল কোম্পানি প্রতিষ্ঠা ও বিকাশে মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের মতো জায়েন্ট তথ্যপ্রযুক্তি সংস্থায় বহু মানুষের কাজ এআইকে ব্যবহার করেই সেরে ফেলছে সংস্থাগুলো।

ফলে কাজের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। কাজের ক্ষেত্রে অনেকেই এআইকে বিজ্ঞানের অভিশাপ বলছে। বিশ্বের বড় বড় সংস্থাগুলো এআইতে বিপুল অংকের বিনিয়োগ করছে। ফলে ক্রমশ কমছে কর্মসংস্থান। বাড়ছে কর্মী ছাঁটাই।

প্রশ্ন উঠছে, তাহলে কি এআই টপকে যাবে মানুষকে? ইলন মাস্ক জানাচ্ছেন, বিষয়টি আর দূরে নেই। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিপ্লব ঘটে যেতে পারে। ৫ বছরে সমগ্র মানবজাতিকে সম্মিলিতভাবে ছাড়িয়ে যাবে এআই।

সম্প্রতি ইলন মাস্ক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের মতো প্রযুক্তি এমন গতিতে এগিয়ে চলেছে, যা সভ্যতা, অর্থনীতি ও দৈনন্দিন জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে দ্রুতই।”

ইলন মাস্ক আরও বলেন, “১০ বছরে কী ঘটবে, তা আমি জানি না। কিন্তু এআইয়ের অগ্রগতির হার দেখে আমার মনে হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদই বা বড় জোর আগামী বছরের মধ্যে আমরা এমন এআই  পেয়ে যাব, যা যে কোনো মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান।”

তিনি বলেন, “২০৩০ বা ২০৩১ সালের মধ্যে এআই সমষ্টিগতভাবে সমগ্র মানবজাতির চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে উঠবে।”

এর মধ্যেই এ বিষয়ে কথা বলেছেন গুগল ডিপমাইন্ডের যুগ্ম প্রতিষ্ঠাতা ও মুখ্য এজিআই বিজ্ঞানী শেন লেগ। তিনি বলেন, “এআই সিস্টেম এরই মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মানুষকে টপকাতে শুরু করেছে। যার মধ্যে রয়েছে— ভাষার ব্যবহার ও সাধারণ জ্ঞান। কয়েক বছরে যুক্তি প্রয়োগ, চাক্ষুষ উপলব্ধি কিংবা ধারাবাহিক শিক্ষাসহ তাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠবে এআই।”