মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক হামলা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ২৯, ২০২৬

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সকল ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। আমেরিকান সেনারা সবসময় সতর্ক ও প্রস্তুত। মার্কিন বাহিনীর ওপর হামলার খবর নিশ্চিত হওয়ার পরই জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮২ মার্কিন ডলার হয়েছে।

এর আগে, ইরানের ওপর ওয়াশিংটন বিমান হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার দিনের শুরুতে তেলের দাম কমেছিল। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় আলোচনার খবরও সে সময় বেশ জোরেশোরেই প্রকাশিত হয়েছিল।

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিশিগানে যাওয়ার পথে এই হুমকি দেন তিনি।

ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে ভালো ও গভীর আলোচনা চলছে। কিন্তু ইরান পাল্টা দাবি করেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চললেও বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। সূত্র: আল জাজিরা