মায়া এঙ্গেল্যুর কবিতা ‘তবু আমি উদিত হই’
অনুবাদ
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০১৮
অনুবাদ: রিফাহ সানজিদা
তুমি হয়তো আমার কথা লিখবে ইতিহাসে-
তোমার তেতো, বানোয়াট মিথ্যা দিয়ে,
আমাকে হয়তো পদদলিত করবে আবর্জনায়
কিন্তু, তারপরও আমি উদিত হবো ধুলো যেমন।
আমার উদ্যম কি তোমায় মর্মাহত করে?
তুমি দুঃখে বিজড়িত হয়েছো ক্যানো?
আমি এমনভাবে হাঁটি বলে? যেন আস্ত এক
তেলের খনিই পেয়েছি আমার বসারঘরে?
সূর্য আর চাঁদগুলোর অবধারিত জোয়ার-ভাটার মতো
আর ঠিক যেমন করে আশা-ভরসা লাফিয়ে চলে
তেমন করে, তারপরও আমি উদিত হবো
তুমি কি আমাকে টুকরো ভঙ্গুর দেখতে চাও?
অবনত মস্তক আর নত দৃষ্টিতে?
যেন আমার অন্তঃস্থলের কান্নায় দুর্বল হয়ে
আমার দু`কাধ ঝরে পড়ে অশ্রুর ফোঁটার মতো?
আমার গর্ব কি তোমাকে বিক্ষুব্ধ করে?
তুমি কি সেটাকে খুব শক্তভাবে নাও না?
কারণ আমি এমন হাস্যোজ্জ্বল থাকি যেন
বাড়ির পেছনেই খুঁজে পেয়েছি একটা আস্ত সোনার খনি!
তোমার গুলিতে ঝাঁঝরা করতে পারো আমায়,
তোমার শ্যেন দৃষ্টি দিয়ে কেটে ফেলতে পারো
ঘৃণা দিয়ে খুন করতে পারো,
কিন্তু, তবু আমি উদিত হবো বাতাসের মতো।
আমার আবেদন কি তোমাকে বিমর্ষিত করে?
আর অবাক করে দেয় তোমাকে? যেমন করে
নাচতে থাকি আমি, যেন ঊরুজোড়ার মাঝে
আমি পেয়ে গেছি একটা হীরা?
ইতিহাসের লজ্জার কুটির থেকে বেরিয়ে
আমি উদিত হবোই,
একটা কষ্টময় অতীতের শিকড় ছাড়িয়ে
আমি উদিত হবোই
আমি একটা কালো বিশাল অস্থির সমুদ্র
যেসব অস্থির লাফিয়ে চলা গতি
তার স্রোতে ধারণ করে রাখি।
সব আতংক আর ভয়ের রাত পেছনে ফেলে
আমি উদিত হই, সব চমৎকার দিনের বিরতিতে
আমি উদিত হই, পিতামহদের দেয়া সেসব উপহার নিয়ে
আমি হয়ে যাই স্বপ্ন, আর আশা-ভরসার কৃতদাস
আর আমি উদিত হই
উদিত হই এবং
উদিত হই।
মূল কবিতা ঃ Still I rise
কবি পরিচিতি: মায়া এঙ্গেল্যু (এপ্রিল ৪, ১৯২৮- মে ২৮, ২০১৪) একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান কবি, লেখিকা, গায়িকা এবং সোশ্যাল রাইট অ্যাক্টিভিস্ট ছিলেন। বিচিত্রতায় ভরা ছিল তার জীবন। বিভিন্ন সময়ে তিনি ছিলেন, একজন সেক্স-ওয়ার্কার, নাইট ক্লাবের ড্যান্সার-পারফর্মার থেকে শুরু করে পরে লেখক-সাংবাদিক। তার লেখা সাতটি অটোবায়োগ্রাফিই মূলত তাকে আন্তর্জাতিক খ্যাতি-পরিচিতি এনে দেয়। যার
মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল প্রথম অটোবায়োগ্রাফি I Know Why the Caged Bird Sings (1969)। জীবনে ৫০টির বেশি ডিগ্রি পেয়েছেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অনেক
পুরস্কার।























