মিল্লাত হোসাইনের গুচ্ছ কবিতা
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০১৮
প্রশ্ন
ও মা, আর কত লাশ হলে ফুরাবে তোর আশা?
আর কত রক্ত দিলে মিটবে পিপাসা?
আর কত ধর্ষণ হলে হবে তোর তৃপ্তি?
কত প্রদীপ নিভে গেলে জাতি পাবে দীপ্তি?
এই কি তোর পণ
তবে কেন দিলি মোরে বিদ্রোহী এ মন?
তবে কেন দিলি আমায় আলোর অভিসন্ধি?
জন্মের পরে করলি না কেন অন্ধকারে বন্দি?
সহজ জন্ম
একটা নতুন জন্ম দিবি?
সহজ জন্ম?
ঘৃণার দ্বার বেয়ে বেয়ে ভালোবাসার শিরায় উঠবো।
হিংসায় পুড়ে পুড়ে তৈরি করবো মানবতা।
বিন্দুধারি...
তুই তো পারিস।
একটা নতুন জন্ম দিবি?
সহজ জন্ম...
কে আছিস জেগে
এই ঘুমন্ত শহরের অন্ধকার বাতাসে
গোল্ডলিফের ধোয়ায় মনটাকে উড়িয়ে দিলাম
কে আছিস সখি জেগে
আঁধারে হাত বাড়িয়ে
খুঁজে নিস জ্বলন্ত হৃদয়টাকে
আর ডায়েরীর পাতায় শুকনো গোলাপের পাপড়ির মতো
যত্ন করে রেখে দিস
প্রয়োজন হলে কোনও একদিন তোকেই খুঁজে নেব
মিথ্যে ভ্রম
কষ্টের নীল নদীর জোয়ার ভাটায়
ঘর্মাক্ত শরীর আর এলোচুল নিয়ে
অন্ধকার থেকে চন্দ্র হয়ে সুর্য ওঠালে
রক্ত পিপাসু এই বুকে।
কী পেলে এই ভ্রমে...
অস্তিত্বের টের পেয়েছো ?
কিংবা হৃদস্পন্দন?
কামনদীর জোয়ারে নাও ভাসালে কী আর অস্তিত্তের সন্ধান মেলে
তুমি বরং কামের পূজারী হও...
অস্তিত্বের খোঁজ বৃথা।























