মোসাদের এক গুপ্তচরকে ফাঁসিতে ঝুলালো ইরান, চারজন গ্রেফতার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৬, ২০২৫

ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানের বিচার বিভাগ।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ইরানের সর্বোচ্চ আদালত রায় বহাল রাখে। ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, তিনি ইজরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন।

মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণার পাশাপাশি আরও চারজন মোসাদ সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের তথ্যও জানানো হয়েছে। ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মনতাজের আল মাহদী জানিয়েছেন, তেহরানের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় রোববার দুজন মোসাদ সংযোগযুক্ত ব্যক্তি গ্রেফতার হন। দেশে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানোর আগেই তাদেরকে চিহ্নিত করে আটক করা হয়।

এই অভিযানে নিরাপত্তা বাহিনী তাদের কাছ থেকে ২০০ কেজির বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের যন্ত্রাংশ ও লঞ্চারসহ অন্যান্য সামগ্রী জব্দ করে। একটি নিসান পিকআপ ট্রাকও আটক করা হয়।

একই দিনে রাজধানী অঞ্চলের নিকটবর্তী আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টিতেও আরও দুজন সন্দেহভাজন মোসাদ এজেন্ট গ্রেপ্তার হন। কর্মকর্তাদের মতে, এই চক্রটি বিস্ফোরকবাহী ছোট ড্রোন ব্যবহার করে ইরানকে অস্থিতিশীল করার ইজরায়েলি ষড়যন্ত্রের অংশ।

ইরানি কর্তৃপক্ষের দাবি, ১৩ জুন ইজরায়েল ইরানের অভ্যন্তরে একাধিক স্থানে, এমনকি আবাসিক ভবনেও বিমান হামলা চালায়। এরপর থেকেই মোসাদ নানা ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে। তেহরান এই হামলাকে উসকানিমূলক ও একতরফা আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছে।

এর জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেলআবিব, জেরুজালেম ও হাইফাসহ ইজরায়েলের বহু শহরে পাল্টা হামলা চালায়। এসব হামলার পর ইজরায়েলের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বহু বাসিন্দাকে দীর্ঘ সময় ধরে আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হচ্ছে।

ইরানি সরকার বলেছে, দেশের ভেতরে মোসাদ-সম্পর্কিত সমস্ত নেটওয়ার্ক ধ্বংস না-করা পর্যন্ত অভিযান চলবে। তারা মনে করে, শেষ এই গ্রেফতারসমূহ তাদের গোয়েন্দা সংস্থার তৎপরতা ও সতর্কতারই প্রমাণ। সূত্র: তেহরান টাইমস