যশোরে করোনাক্রান্ত একজনের মৃত্যু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৮, ২০২৫

আজ বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শেখ আমির হোসেন মারা গেছেন। তিনি বাঘারপাড়ার জহুরপুরের শেখ মকছেদ আলীর ছেলে।

এর আগে মঙ্গলবার দুপুরে তার করোনা শনাক্ত হয়। ৫ জুন যশোর জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডে পেটে ব্যথা নিয়ে তিনি ভর্তি হন। এতদিন তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রোববার তার নতুন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়।

পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করেন। কিন্তু সেখান শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে পরিবারের লোকজন তাকে সেখানে নিয়ে যায়।

পরে ডাক্তার তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেয়। রোগীর স্বজনরা দুপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে তার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করায়। পরীক্ষায় করোনা শনাক্ত হয়। আজ বুধবার ভোরে শেখ আমির হোসেন মারা যান।

আইসিইউ বিভাগের ইনচার্জ রবিউল ইসলাম তুহিন বলেন, “কিডনিজনিত সমস্যায় সার্জারি বিভাগের রোগী হিসেবে ৫ জুন শেখ আমির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসিইউতে সন্দেহজনক আরও তিন রোগী রয়েছে। তারা করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষা জন্য নমুনা পাঠানো হয়েছে।”