যাকির সাইদ

যাকির সাইদ

যাকির সাইদের ৩ কবিতা

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৬, ২০২০

তোমার মুখ

নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলাম,
ইস, নদীরা পোশাক পরে না,
বৃক্ষ, পশু-পাখিও

আজ কী যে হলো আমার,
যেদিকেই তাকাই সেদিকেই
তোমার প্রেমময় মুখ,

আকাশে তোমার মুখ,
অনুরাগে নদীর তরঙ্গ ভাঙে তোমার মুখ,
দিগন্তরেখায় মায়ার ফ্রেমে বাঁধা
তোমার প্রশান্তিময় মুখ।

তুমি সর্বব্যাপী, সর্বরূপে
ধারণ করে আছো আমাকে।

জানালা

জানালাটা খোলাই ছিল,
দমকা বাতাস উল্টে দিল বইয়ের পাতা,
বাইরে তাকালাম,
ঝড় গাছের পাতাগুলি ছিঁড়ে নিতে চাইছে,

বইয়ের পাতা আবার উল্টে গেল,
যেখানে নীলার গল্পটা পড়ছিলাম,
সেখানে শশীপ্রিয়ার গল্প।

জীবন কী এমনই?
ঝড় থেমে যাবার পর ক্ষুধা পেল,
এত স্মৃতি ধারণ করে যে জলকণা,
অথচ জলের মগটি শূন্য।

এক ও অনন্য

মানুষের চিন্তার বাইরে
দেবতাদের কোনও জগৎ নেই,
ভক্তের হৃদয় ছাড়া
দেবতার কোনও আসনও নেই।

দেবতাদের সীমাবদ্ধতা মানুষের চেয়ে বেশি,
মানুষ যদি স্মরণ না করে দেবতাদের,
তখন দেবতার মৃত্যু হয়।

প্রত্যেক মানুষ এক ও অনন্য,
তোমার অন্তর আলোয় যদি
কেউ পথ চিনে নিতে না পারে,
দেবতার মতো তোমার মৃত্যু অনিবার্য।