যুক্তরাষ্ট্রের হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি তেলবাহী ট্যাংকার
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ০৬, ২০২৬
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহী ট্যাংকার ‘এম/টি কায়লো’। শনিবার ট্যাংকারটিসহ ৩টি তেলবাহী জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাবেই তারা ট্যাংকারটিতে হামলা পরিচালনা করে।
আজ রোববার সকালে সেন্টকমের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পর ট্যাংকারটি ওমান উপসাগরে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সেন্টকমের দাবি, তাদের বাহিনীর নিখুঁত অভিযানের ফলেই ‘এম/টি কায়লো’ সমুদ্রের তলদেশে ডুবে যায়।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। টানা ৪০ দিন চলা সেই যুদ্ধ শেষ হওয়ার পর থেকেই মার্কিন সামরিক বাহিনী দাবি করে আসছে, তারা ইরানের নৌবহর প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা ৩টি মার্কিন যুদ্ধজাহাজ এবং হরমুজ প্রণালিতে অনুমতি ছাড়া চলাচলকারী ৩টি বাণিজ্যিক জাহাজে সফল হামলা চালিয়েছে।
























